গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন । সংগৃহীত
গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চলতি বছর থেকেই সরকার কার্যক্রম জোরদার করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এটি সরকারের অন্যতম অগ্রাধিকার এবং বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশে স্বাস্থ্যখাতে উদ্যোক্তা হওয়ার পথ’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, নতুন বাজেট কার্যকরের সঙ্গে সঙ্গেই গ্রামপর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের কার্যক্রম শুরু হয়েছে এবং প্রধানমন্ত্রী নিজেই এর অগ্রগতি পর্যবেক্ষণ করছেন।
তিনি বলেন, দেশে উৎপাদিত ওষুধ আন্তর্জাতিক মানসম্পন্ন। বাংলাদেশের ওষুধ বিশ্বের বিভিন্ন দেশে রফতানি হচ্ছে এবং বিদেশের রোগীরাও এসব ওষুধ ব্যবহার করে সন্তুষ্টি প্রকাশ করছেন।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, স্বাস্থ্যখাতে বেসরকারি উদ্যোক্তাদের বিনিয়োগে সরকার উৎসাহ দিচ্ছে। এবারের বাজেটে চিকিৎসা সরঞ্জাম উৎপাদন খাতে বিনিয়োগের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা ও প্রণোদনা রাখা হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের উদ্যোক্তাদের সক্ষমতা রয়েছে। উপযুক্ত পরিবেশ ও কার্যকর নীতিমালা নিশ্চিত করা গেলে তারাও বিশ্বমানের সাফল্য অর্জন করতে পারবেন। পাশাপাশি জনগণের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









