দেশজুড়ে স্থল নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত বাড়ায় বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এর ফলে চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের কয়েকটি জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সোমবার (৬ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে চট্টগ্রাম বিভাগ। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে গোমতী, মুহুরী, ফেনী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি দ্রুত বেড়ে বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা এবং লক্ষ্মীপুর ও নোয়াখালীর কিছু এলাকায় সাময়িক প্লাবনের আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, সিলেট ও ময়মনসিংহ বিভাগের সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই, সোমেশ্বরী ও কংসসহ প্রধান নদীগুলোর পানি আগামী দুই দিন দ্রুত বাড়তে পারে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে সাময়িক প্লাবন দেখা দিতে পারে।

তবে স্বস্তির খবর রয়েছে ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা অববাহিকায়। এসব নদীর পানি আগামী কয়েক দিন ওঠানামা করলেও বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হবে। এছাড়া রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আপাতত কমলেও দুই দিন পর তা আবার বাড়তে পারে।

প্রাইমটিভি/বিএম