টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দক্ষিণ কলকাতার বাসভবন ‘উৎসব’-এ হাজির হলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার (৬ জুলাই) প্রসেনজিতের বাড়িতে গিয়ে প্রায় ১৫ মিনিট সময় কাটান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ সময় বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, নিশীথ প্রামাণিক এবং শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন।

জানা গেছে, জনসংঘের প্রতিষ্ঠাতা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতায় এসেছিলেন অমিত শাহ। একাধিক রাজনৈতিক কর্মসূচির মাঝেই তিনি এই সৌজন্য সাক্ষাৎ সারেন। দিনকয়েক আগে দিল্লি থেকে পদ্মশ্রী পুরস্কার নেওয়ার সময় প্রসেনজিৎ স্বরাষ্ট্রমন্ত্রীকে কলকাতায় তার বাড়িতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণ রক্ষা করতেই বুম্বাদার বাড়িতে এই ঝটিকা সফর।

সাক্ষাৎ শেষে অমিত শাহ সোশ্যাল মিডিয়ায় জানান, কেন্দ্রের ‘বিশেষ জনসংযোগ অভিযান’-এর অংশ হিসেবে প্রসেনজিতের সাথে দেখা করে গত ১২ বছরে মোদী সরকারের ঐতিহাসিক সাফল্য সম্পর্কে তাকে অবহিত করেছেন এবং তাকে কিছু বই উপহার দিয়েছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তটিকে তাঁর জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা বলে উল্লেখ করেন। এর আগে গত ফেব্রুয়ারিতে পদ্মশ্রী পদক ঘোষণার পর বিজেপি নেতা সুকান্ত মজুমদার ও রুদ্রনীল ঘোষও অভিনেতার বাড়িতে গিয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন।

প্রাইমটিভি/বিএম