মাত্র ৩৭ বছর বয়সে না-ফেরার দেশে পাড়ি জমালেন বিশ্বখ্যাত ব্রিটিশ পপ গায়িকা লরেন বেনেট। গত সোমবার (৬ জুলাই) গায়িকার সাবেক পপ ব্যান্ড ‘জি.আর.এল.’ (G.R.L.)-এর অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে লরেনের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাঁর পরিবার বা ব্যান্ডের পক্ষ থেকে এখনও প্রকাশ করা হয়নি।

লরেনের এই আকস্মিক বিদায়ের খবরে মার্কিন ও বিশ্ব সংগীতাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।

২০১১ সালে মুক্তি পাওয়া বিশ্বখ্যাত 'পার্টি রক অ্যান্থেম' (Party Rock Anthem) গানটির মাধ্যমে বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি পান লরেন। গানটি মুক্তির পর টানা ছয় সপ্তাহ বিশ্বখ্যাত ‘বিলবোর্ড হট ১০০’ চার্টের শীর্ষে ছিল, যা বিলবোর্ডের ইতিহাসে অন্যতম সফল গান হিসেবে বিবেচিত। ইউটিউবেও গানটির মিউজিক ভিডিও ২৫০ কোটিরও (২.৫ বিলিয়ন) বেশি বার দেখা হয়েছে।

লরেন তার ক্যারিয়ারে একাধিক ব্যান্ডের সাথে কাজ করেছেন। ২০১৪ সালে তিনি মেয়েদের জনপ্রিয় পপ গ্রুপ ‘জি.আর.এল.’-এ যোগ দেন এবং তাদের জনপ্রিয় গান ‘আগলি হার্ট’ ও পিটবুলের ‘ওয়াইল্ড ওয়াইল্ড লাভ’-এ কণ্ঠ দিয়ে প্রশংসিত হন। তার এই অকাল মৃত্যু পপ সংগীতের দুনিয়ায় এক অপূরণীয় ক্ষতি।

প্রাইমটিভি/বিএম