বহু বিতর্কের পর গত শুক্রবার মুক্তি পেয়েছিল বলিউড অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ অভিনীত এবং হানি ত্রেহান পরিচালিত বহুল আলোচিত ছবি ‘সতলুজ’। তবে মুক্তির মাত্র ৪৮ ঘণ্টার মাথায় ছবিটি ভারতের ওটিটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা।

সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্মটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘সম্প্রতি তৈরি হওয়া বেশ কিছু পরিস্থিতির কারণে আপাতত ছবিটি সরিয়ে নেওয়া হলো। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ভারতের দর্শকরা এই ছবি দেখতে পারবেন না। তবে যত দ্রুত সম্ভব ছবিটিকে আবার দর্শকের কাছে ফিরিয়ে আনার সব সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।’

ওটিটি কর্তৃপক্ষের এই আকস্মিক সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তা পোস্ট করে তিনি বলেন, ‘১৯৯৫ সাল থেকে পাঞ্জাবের কণ্ঠরোধ করার চেষ্টা চলছে। ২০২৬ সালেও এসে দেখছি সেই পরিস্থিতি একটুও বদলায়নি। তবে সতলুজ-এর কণ্ঠ আর এভাবে চাপা দেওয়া সম্ভব হবে না, কারণ এই ছবির গল্প ইতিমধ্যে বহু মানুষের কাছে পৌঁছে গিয়েছে। ছবিটির মুক্তির জন্য আমরা নিজেরাই লড়েছি।’ পাঞ্জাবের একটি সংবেদনশীল প্রেক্ষাপট নিয়ে নির্মিত এই ছবিটি বন্ধের পেছনে রাজনৈতিক চাপ রয়েছে বলেই ধারণা করা হচ্ছে।

 প্রাইমটিভি/বিএম