কন্যাসন্তানের মা হওয়ার পর দীর্ঘদিন অভিনয় জগত থেকে দূরে ছিলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। মাতৃত্বকালীন এই ছুটির কারণে ঈদের সিনেমার প্রচারণাতেও তাকে দেখা যায়নি। তবে ভক্তদের জন্য সুখবর হলো, দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও ক্যামেরার সামনে ফিরতে যাচ্ছেন এই অভিনেত্রী। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিংয়ের মাধ্যমে তিনি অভিনয়ে ফিরবেন।

সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা জাহিদ হোসেন। এতে বুবলীর বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক আদর আজাদ। পরিচালক জাহিদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বুবলীর সঙ্গে আমাদের কথা হয়েছে। নিজের ও সন্তানের শারীরিক সুস্থতা বিবেচনা করে তিনি আগামী সেপ্টেম্বরে শুটিংয়ে অংশ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।’

ঢাকাইয়া দেবদাস’ সিনেমাটি নির্মিত হচ্ছে পুরান ঢাকার ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যবাহী জীবনযাপনকে কেন্দ্র করে। গল্পে আদর আজাদকে একজন শিয়া যুবক এবং বুবলীকে একজন সুন্নি তরুণীর ভূমিকায় দেখা যাবে। চরিত্রের খাতিরে এই দুই তারকাকে পর্দায় উর্দু ভাষায় সংলাপ বলতে হবে। নির্মাতা জানান, বুবলীর অংশের কাজ শুরু হওয়ার আগ পর্যন্ত সিনেমার অন্যান্য দৃশ্যগুলোর শুটিং এগিয়ে নেওয়া হবে, যাতে মানসম্পন্ন একটি চলচ্চিত্র উপহার দেওয়া যায়।

প্রাইমটিভি/বিএম