ঢাকাই চলচ্চিত্রের সফল ও বরেণ্য নির্মাতা এফ আই মানিক এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) রাতে রাজধানীর হাতিরঝিল গোলচত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সহকর্মী ও চলচ্চিত্র নির্মাতা অপূর্ব রানা জানান, রাতে নিকেতনে নিজের বাসায় ফিরছিলেন এফ আই মানিক। বেগুনবাড়ী মোড় পার হয়ে হাতিরঝিল গোলচত্বর থেকে নিকেতন রোডে প্রবেশের সময় পেছন থেকে একটি দ্রুতগতির গাড়ি তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনায় তাঁর বাম হাত ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের ক্ষত রয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর শারীরিক অবস্থার বিস্তারিত জানা যাবে।

এফ আই মানিকের ঘনিষ্ঠজন হৃদয় খান বাদশাহ ফেসবুকে জানান, দুর্ঘটনার পরপরই এফ আই মানিক তাকে ফোন করেন। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নির্মাতাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

উল্লেখ্য, এফ আই মানিক ঢালিউডের একজন অত্যন্ত সফল বাণিজ্যিক নির্মাতা। তাঁর পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ সিনেমার মাধ্যমেই তারকাখ্যাতি পান শাকিব খান ও অপু বিশ্বাস জুটি। এছাড়া ‘স্বপ্নের বাসর’, ‘চাচ্চু’ ও ‘দাদীমা’র মতো বহু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। তিনি ২০১১-১২ মেয়াদে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিবের দায়িত্বও পালন করেছেন।

প্রাইমটিভি/বিএম