স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির প্রভাব পড়েছে দেশের স্বর্ণের বাজারে। ঈদের আগে আবারও ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সোমবার (২৫ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।

বাজুসের ঘোষণায় আরও বলা হয়েছে, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

সংগঠনটি জানায়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে নতুন করে দাম সমন্বয় করা হয়েছে।

এর আগে গত শনিবার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল স্বর্ণের দাম। ফলে অল্প সময়ের ব্যবধানে আবারও মূল্য পরিবর্তন হলো।

বাজুসের তথ্যমতে, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৬৯ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ বার দাম বাড়ানো হয়েছে এবং ৩২ বার কমানো হয়েছে।

প্রাইমটিভি/কেআর