কমলো স্বর্ণের দাম, কার্যকর আজ থেকেই

ছবি- সংগৃহীত
দেশের বাজারে স্বর্ণের দাম নতুন করে নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালংকারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এতে ভরি প্রতি দাম কমেছে ৯ হাজার ১৩ টাকা।
বৃহস্পতিবার (১৯ জুন) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানায়, বর্তমানে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকায় এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা প্রতি ভরি।
এর আগে, গত ১৫ জুন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। এর সঙ্গে ৫ শতাংশ ভ্যাট যোগ হলে ভোক্তাদের ভ্যাটসহ মূল্য পরিশোধ করতে হতো ২ লাখ ৪১ হাজার ৯৪৩ টাকা।
বাজুস জানিয়েছে, দেশে প্রথমবারের মতো স্বর্ণের বিক্রয়মূল্য ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে। ফলে গ্রাহকদের কাছ থেকে স্বর্ণালংকার বিক্রির সময় আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
সংগঠনটি আরও জানায়, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। তবে অলংকারের নকশা ও কাজের ধরন অনুযায়ী মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে।
এদিকে রৌপ্যালংকারের ওপর ভ্যাট সংক্রান্ত সিদ্ধান্ত শিগগিরই জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








