কুয়াকাটায় অভিযান চালিয়ে সংরক্ষিত শাপলা পাতা মাছ জব্দ

ছবি- সিয়াম আবদুল্লাহ,পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর কুয়াকাটায় অভিযান চালিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা একটি সংরক্ষিত প্রজাতির শাপলা পাতা মাছ (স্টিংরে) জব্দ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৮ জুন) রাতে কুয়াকাটার ফিশ ফ্রাই মার্কেটে পরিচালিত অভিযানে মাছটি জব্দ করা হয়। পরে বন বিভাগের বিট অফিসারের সহায়তায় প্রাণীটির যথাযথ নিষ্পত্তির অংশ হিসেবে মাটি চাপা দিয়ে অপসারণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধার হওয়া শাপলা পাতা মাছটি বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২-এর তফসিলভুক্ত সংরক্ষিত প্রজাতির অন্তর্ভুক্ত। আইন অনুযায়ী সংরক্ষিত হাঙ্গর ও রে (Ray) জাতীয় মাছ শিকার, সংগ্রহ, ক্রয়-বিক্রয়, পরিবহন কিংবা প্রদর্শন করা দণ্ডনীয় অপরাধ।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট বিক্রেতাকে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন সম্পর্কে অবহিত করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে সংরক্ষিত বন্যপ্রাণী সংগ্রহ, ক্রয়-বিক্রয় বা প্রদর্শন থেকে বিরত থাকার জন্য তাকে সতর্ক করা হয়েছে।
কর্মকর্তারা জানান, দেশের সমুদ্র ও উপকূলীয় জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো একটি প্রজাতি বিলুপ্ত হয়ে গেলে সামগ্রিক পরিবেশ ও বাস্তুতন্ত্রের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সংরক্ষিত বন্যপ্রাণী সংরক্ষণে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে।
প্রাইমটিভি/কেআর

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







