নাইজারের বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ৩৫

ছবি- সংগৃহীত
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের বৃহত্তম বিমানবন্দর দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে সশস্ত্র হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২২ জন হামলাকারী, ১১ জন সেনাসদস্য এবং ২ জন বেসামরিক নাগরিক রয়েছেন।
বৃহস্পতিবার ভোরে রাজধানী নিয়ামেতে অবস্থিত বিমানবন্দরটিতে এ হামলার ঘটনা ঘটে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে হতাহতের তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয় জানায়, হামলার ঘটনায় আরও চার হামলাকারী আহত হয়েছে এবং ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান চলাকালে ঘটনাস্থল ও গ্রেপ্তারকৃতদের কাছ থেকে আরপিজি-৭ রকেট চালিত গ্রেনেড লঞ্চার, একে-৪৭ রাইফেল, বিস্ফোরক, গ্রেনেড, ওয়াকিটকি এবং বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
এদিকে হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র ইসলামপন্থি গোষ্ঠী জামা’আত নুসরাত আল-ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম)। আল-কায়েদা সমর্থিত এ গোষ্ঠী বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজের পরপরই বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। স্থানীয় বাসিন্দা লাওয়ালি সালহা আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, প্রথমে তারা বিস্ফোরণের শব্দকে সাধারণ দুর্ঘটনা মনে করলেও পরে গুলির শব্দ শুনে পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারেন।
দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দর নাইজারের অন্যতম গুরুত্বপূর্ণ নিরাপত্তা স্থাপনা। বেসামরিক বিমান চলাচলের পাশাপাশি এখানে দেশটির সেনাবাহিনীর একটি ঘাঁটিও রয়েছে।
গত এক দশক ধরে বিভিন্ন সশস্ত্র উগ্রবাদী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে নাইজারের সরকার ও সেনাবাহিনী। এর আগে চলতি বছরের জানুয়ারিতেও বিমানবন্দরটিতে হামলা চালিয়েছিল আইএস-ঘনিষ্ঠ একটি গোষ্ঠী। সেই হামলায় একজন সেনাসদস্য ও ২০ জন হামলাকারী নিহত হয়েছিল।
সামরিক শাসনের অধীনে থাকা নাইজার সরকার জানিয়েছে, হামলার সঙ্গে জড়িতদের ধরতে দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযান শুরু হয়েছে।
সূত্র: বিবিসি
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







