চীনা ব্যবসায়ীদের ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। প্রাইম টিভি
প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা বিনিয়োগকারীদের আগামী ১৮ মাসের মধ্যে চট্টগ্রামের আনোয়ারা অর্থনৈতিক অঞ্চলে প্রথম শিল্পকারখানা চালুর চ্যালেঞ্জ দিয়েছেন। চীনা ব্যবসায়ীরাও এ চ্যালেঞ্জ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
শনিবার (২৭ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত মালয়েশিয়া ও চীন সফর নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরে মোংলায় চীনের বিশেষায়িত ইকোনমিক পার্ক এবং চট্টগ্রামের আনোয়ারায় বিশেষায়িত ইকোনমিক জোন প্রতিষ্ঠার বিষয়ে চুক্তি হয়েছে। পাশাপাশি বাংলাদেশের জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতেও কাজ করবে চীন।
ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য একটি দেশের সরকারপ্রধানের সঙ্গে বৈঠক স্থগিত রেখে তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন।
এদিকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশকে উন্নয়নের স্থায়ী অংশীদার হিসেবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি ব্রিকস ও সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে বাংলাদেশের সম্ভাব্য সদস্যপদে চীনের সমর্থনের কথাও জানিয়েছেন তিনি।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









