কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সীমান্ত এলাকায় বিভিন্ন সড়ক ও জেটিঘাটে কালেমা লেখা সাদা পতাকা টাঙানোকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে পুলিশ ও উপজেলা প্রশাসন।

শনিবার (২৭ জুন) শাহপরীর দ্বীপের বিভিন্ন সড়ক এবং নাফ নদীর জেটিঘাট এলাকায় সারিবদ্ধভাবে কালেমা লেখা সাদা পতাকা টাঙানো দেখা যায়। স্থানীয়দের দাবি, মাদ্রাসাপড়ুয়া একদল যুবক এসব পতাকা স্থাপন করে ছবি ও ভিডিও ধারণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে স্থানীয় এক যুবক দাবি করেন, টেকনাফের ‘আল হিদায়া ছাত্র সংগঠন’-এর উদ্যোগে এসব পতাকা টাঙানো হয়েছে। একই সংগঠনের নামে পরিচালিত ফেসবুক পেজ এবং ‘বিউটি অব শাহপরীর দ্বীপ’ নামের একটি পেজে প্রকাশিত ছবি ও ভিডিওতে কয়েকজন যুবককে শরীরে ও হাতে কালেমা লেখা সাদা পতাকা নিয়ে শাহপরীর দ্বীপের বিভিন্ন স্থানে অবস্থান করতে দেখা যায়।

এদিকে, সংগঠনটির সদস্যদের অভিযোগ, শনিবার সকালে সড়কের বিভিন্ন স্থানে টাঙানো কয়েকটি পতাকা অজ্ঞাত ব্যক্তিরা খুলে নিয়ে গেছে। এর প্রতিবাদে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে সবাইকে প্রোফাইল ছবিতে কালেমা লেখা পতাকা ব্যবহারের আহ্বান জানিয়েছেন।

শাহপরীর দ্বীপ ডাঙারপাড়া এশা'আতুল ইসলাম ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষক আনসারুল হক বলেন, ‘আল হিদায়া ছাত্র সংগঠনের উদ্যোগেই পতাকাগুলো টাঙানো হয়েছে। ইসলাম ও কালেমার প্রতি ভালোবাসা থেকেই এ কর্মসূচি নেওয়া হয়েছে, এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল না। পরে প্রশাসনিক চাপের বিষয়টি জানতে পেরে আমি নিজেই কয়েকটি পতাকা খুলে ফেলি।’

সংগঠনটির উপদেষ্টা মোহাম্মদ আসেম বিল্লাহ তাহেরী বলেন, দেশের বিভিন্ন স্থানে কালেমা লেখা পতাকা উত্তোলনের ধারাবাহিকতায় শাহপরীর দ্বীপেও এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, ইসলামি মূল্যবোধের প্রতি ভালোবাসা থেকেই এ কর্মসূচি পালন করা হয়েছে। একই সঙ্গে অভিযোগ করেন, কিছু পতাকা সরিয়ে নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে আরও পতাকা উত্তোলন করা হবে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলম বলেন, হঠাৎ করে বিভিন্ন স্থানে এ ধরনের পতাকা টাঙানোয় মানুষের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত করা প্রয়োজন।

সবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মন্নান বলেন, ইউনিয়নের বিভিন্ন স্থানে কালেমা লেখা সাদা পতাকা টাঙানোর বিষয়টি তাদের নজরে এসেছে। কারা এবং কী উদ্দেশ্যে এসব পতাকা স্থাপন করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা প্রশাসন ও পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। পতাকা টাঙানোর উদ্দেশ্য এবং এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হচ্ছে।

প্রাইমটিভি/এমএইচ