নরসিংদীতে জীবন্ত একটি কুকুরের গলায় দড়ি দিয়ে ইট বেঁধে সেতু থেকে নদীতে ছুড়ে ফেলার ঘটনায় ভিডিওতে থাকা প্রধান আসামি শাহিনারা বেগম (৫২)কে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে একই ঘটনায় মোহাম্মদ আলী নামে আরেক আসামিকে গ্রেফতার করা হয়েছিল।

শনিবার (২৭ জুন) বিকেল সাড়ে ৬টার দিকে নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে শাহিনারা বেগমকে গ্রেফতার করে। তিনি নরসিংদী সদর উপজেলার কামারগাঁও গ্রামের মৃত আবদুল আজিজের স্ত্রী।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নরসিংদীর নাগরিয়াকান্দি সেতুর ওপর থেকে একটি কুকুরের গলায় দড়ি দিয়ে ইট বেঁধে মেঘনার শাখা নদীতে ছুড়ে ফেলা হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ঘটনার সঙ্গে জড়িত মোহাম্মদ আলীকে প্রথমে গ্রেফতার করা হয়। এরপর অভিযান চালিয়ে ভিডিওতে থাকা প্রধান আসামি শাহিনারা বেগমকেও আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

প্রাইমটিভি/এমএইচ