মিয়ানমার করিডরে বাংলাদেশের সংযোগ হলে চীন থেকে ২৪ ঘণ্টায় পণ্য রপ্তানি সম্ভব: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির । সংগৃহীত
চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ট্রাকে করে বাংলাদেশি পণ্য চীনে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তাঁর মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
শনিবার (২৭ জুন) সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এবং সিলেট জেলা আইনজীবী সমিতির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে। তিনি বলেন, চীন ইতোমধ্যে বাংলাদেশের সব পণ্যের জন্য শুল্কমুক্ত বাজার সুবিধা দিয়েছে। এখন সরকারের লক্ষ্য দেশে আরও বেশি চীনা বিনিয়োগ আকর্ষণ করা। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের ফলে বিপুল পরিমাণ চীনা বিনিয়োগ আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরও জানান, চট্টগ্রামে ৮০০ একর জমির ওপর একটি চাইনিজ শিল্প পার্ক স্থাপনের বিষয়ে মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে। এছাড়া চীনের শীর্ষ নেতৃত্ব ও বিনিয়োগকারীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ভবিষ্যতে বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের বাণিজ্য ঘাটতি কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।
সিলেট শাহজালাল (রহ.) মাজার ব্যবস্থাপনা কমিটি নিয়ে সমালোচনার জবাবে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, রাজনৈতিক বিবেচনায় নয়, নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গঠন করা হয়েছে।
আইনজীবী সমিতির অনুষ্ঠানে তিনি বলেন, আইনের শাসন, ন্যায়বিচার ও সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষ আইনজীবী গড়ে তুলতে নতুন ভবনের পাশাপাশি আধুনিক প্রশিক্ষণব্যবস্থা চালুর ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা, আইনবিষয়ক গবেষণা, কেস স্টাডি বিশ্লেষণ এবং আদালতে কার্যকর উপস্থাপনা বিষয়ে নিয়মিত প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
এ সময় অনলাইন জুয়া নিয়ন্ত্রণে কঠোর শাস্তির বিধান রেখে নতুন আইন সংসদে উত্থাপনের পরিকল্পনার কথা জানান বাণিজ্যমন্ত্রী। পাশাপাশি মাদক-সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








