ইসলামি ব্যাংকিংয়ে নয়, সমস্যা লুটেরাদের মধ্যে: পার্থ

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ । সংগৃহীত
সরকারকে দেশে ইসলামি ব্যাংকিং ব্যবস্থা আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, সমস্যা ইসলামি ব্যাংকিং ব্যবস্থায় নয়, বরং যারা ব্যাংক লুট করেছে তাদের মধ্যে।
শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে ২০২৬ থেকে ২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
আন্দালিব রহমান পার্থ বলেন, ইসলামি ব্যাংকিং বিশ্বব্যাপী জনপ্রিয়তা পাচ্ছে। যুক্তরাজ্য ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ ইসলামি অর্থায়নকে উৎসাহিত করছে। বাংলাদেশেও এ খাতের বিকাশে সরকারকে সক্রিয় ভূমিকা নিতে হবে। যদিও একদিনে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা থেকে ইসলামি ব্যাংকিংয়ে যাওয়া সম্ভব নয়, তবে ধীরে ধীরে এর সম্প্রসারণ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ইসলামি ব্যাংকিং সম্প্রসারণ হলে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আসবে এবং আল্লাহর রহমত বর্ষিত হবে। পাশাপাশি তিনি দাবি করেন, বর্তমান সরকারের চার মাসে বড় ধরনের কোনো ব্যাংক লুট বা রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ব্যাংক দুর্নীতির ঘটনা ঘটেনি। তাই সরকারকে একটি কল্যাণরাষ্ট্র গড়ে তোলার সুযোগ দেওয়া উচিত।
এ সময় যাকাত ব্যবস্থাপনা আধুনিক ও কার্যকর করতে যাকাতগ্রহীতাদের একটি জাতীয় ডাটাবেজ তৈরির প্রস্তাব দেন আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, দেশে প্রতিবছর কত যাকাত বিতরণ হয় তার সুনির্দিষ্ট তথ্য নেই। প্রতিটি সংসদীয় আসনে যাকাত পাওয়ার যোগ্য ব্যক্তিদের তালিকা তৈরি করা হলে দেশ ও বিদেশের যাকাতদাতারা সহজেই তাদের যাকাত পৌঁছে দিতে পারবেন।
তিনি এ লক্ষ্যে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম ও মোবাইল অ্যাপ চালুর পাশাপাশি যাকাত বিষয়ে সচেতনতা বাড়াতে একটি বিশেষায়িত টেলিভিশন চ্যানেল চালুরও প্রস্তাব দেন।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







