একদিনের ব্যবধানে আবারও বড় ধাক্কা খেল দেশের স্বর্ণবাজার। প্রতি ভরিতে সর্বোচ্চ ১৫ হাজার ৭৪৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য শনিবার সকাল ১০টা ১৫ মিনিট থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বাজুস জানায়, তেজাবি বা পিওর গোল্ডের দাম স্থানীয় বাজারে কমে যাওয়ায় নতুন করে স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা।

আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দামে বড় পতন দেখা গেছে। গোল্ডপ্রাইস ডট ওআরজির তথ্য অনুযায়ী, শনিবার সকালে প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে এসেছে ৪ হাজার ৮৯০ ডলারে। আগের দিন যা ছিল ৫ হাজার ২০০ ডলার। আর বৃহস্পতিবার দাম ৫ হাজার ৫৫০ ডলার ছাড়িয়েছিল।

স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও। নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৭ হাজার ২৯০ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৪৩২ টাকা।

প্রাইমটিভি/এনজি