৯৬ বার পেছাল রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন

প্রতিকী ছবি
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। ঢাকার আদালত আগামী ৯ আগস্ট প্রতিবেদন জমা দেওয়ার নতুন দিন নির্ধারণ করেছেন। এ নিয়ে মামলাটিতে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ৯৬ বার পেছানো হলো।
বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্তকারী সংস্থা সিআইডি নির্ধারিত দিনে প্রতিবেদন জমা দিতে না পারায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই রোকুনুজ্জামান।
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি সুইফট কোড জালিয়াতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়। পরে ওই অর্থ ফিলিপিন্সে স্থানান্তর করা হয়। সংশ্লিষ্টদের ধারণা, দেশের অভ্যন্তরের একটি চক্রের সহায়তায় এই অর্থ পাচার করা হয়েছিল।
ঘটনার পর একই বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক জুবায়ের বিন হুদা রাজধানীর মতিঝিল থানায় অর্থপাচার প্রতিরোধ আইনে মামলা করেন। তবে মামলায় সরাসরি কাউকে আসামি করা হয়নি। এরপর থেকে মামলাটির তদন্ত করছে সিআইডি।
চুরি হওয়া অর্থের মধ্যে প্রায় দেড় কোটি ডলার ফিলিপিন্সের একটি ক্যাসিনোর মালিকের কাছ থেকে উদ্ধার করে বাংলাদেশকে ফেরত দেওয়া হলেও বাকি ৬ কোটি ৬৪ লাখ ডলার এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
এদিকে, অর্থ উদ্ধারের লক্ষ্যে ২০১৯ সালে নিউ ইয়র্কের ম্যানহাটন সাদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে মামলা করে বাংলাদেশ ব্যাংক। তবে ২০২২ সালে আদালত মামলাটি খারিজ করে দিয়ে জানায়, এ বিষয়ে বিচার করার পর্যাপ্ত এখতিয়ার তাদের নেই। পরে বাংলাদেশ ব্যাংক নিউ ইয়র্কের এখতিয়ারভুক্ত অন্য আদালতে নতুন মামলা করে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









