এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪ হাজার ৭৮৪ জন শিক্ষার্থী

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা । প্রাইম টিভি
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে সারা দেশে। প্রথম দিনেই ২৪ হাজার ৭৮৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন। এছাড়া অসদুপায়ের দায়ে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান।
পরিসংখ্যান অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্র পরীক্ষায় নিবন্ধিত ৮ লাখ ৫৬ হাজার ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৮ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন। অনুপস্থিত ছিলেন ১৭ হাজার ২৩৩ জন, যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ০১ শতাংশ।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি অনুপস্থিত ছিলেন ঢাকা বোর্ডে ৩ হাজার ৯৭১ জন। এরপর রাজশাহী বোর্ডে ২ হাজার ৪৬৭, যশোর বোর্ডে ২ হাজার ৭৮, দিনাজপুর বোর্ডে ১ হাজার ৯৩৭, কুমিল্লা বোর্ডে ১ হাজার ৭৯৫, বরিশাল বোর্ডে ১ হাজার ৩৪৬, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৩৪০, ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ১৮২ এবং সিলেট বোর্ডে ১ হাজার ১২৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
অসদুপায়ের দায়ে সাধারণ শিক্ষা বোর্ডে মোট ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে যশোর বোর্ডে ২ জন এবং কুমিল্লা, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডে একজন করে বহিষ্কৃত হন। কোনো পরিদর্শককে বহিষ্কার করা হয়নি।
অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের কুরআন মাজিদ পরীক্ষায় অংশ নেন ৮০ হাজার ৬৫৩ জন পরীক্ষার্থী। এ বোর্ডে ৪ হাজার ৪৭৮ জন অনুপস্থিত ছিলেন এবং একজন পরীক্ষার্থী বহিষ্কৃত হন।
কারিগরি শিক্ষা বোর্ডের বাংলা-২ পরীক্ষায় অংশ নেন ৮০ হাজার ৬০৩ জন পরীক্ষার্থী। সেখানে ৩ হাজার ৭৩ জন অনুপস্থিত ছিলেন এবং অসদুপায়ের দায়ে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে দেশের বাইরে ৮টি কেন্দ্রেও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনের পরীক্ষার সার্বিক পরিবেশ সন্তোষজনক ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ৬২০টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬০টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১১টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









