আবারও রেলপথে বাংলাদেশ-ভারত, চালু হচ্ছে মিতালী এক্সপ্রেস

ছবিঃ সংগৃহীত
দীর্ঘ বিরতির পর বাংলাদেশ ও ভারতের মধ্যে পুনরায় চালু হতে যাচ্ছে মিতালী এক্সপ্রেস। দুই দেশের রেল কর্তৃপক্ষের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে, এখন শুধু ভারতীয় রেল মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা।
বৃহস্পতিবার (২ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম জি-২৪–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি ও বাংলাদেশের রাজধানী ঢাকার মধ্যে চলাচলকারী মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর কার্যক্রম শুরু হয়েছে। বিষয়টি নিয়ে বাংলাদেশ ও ভারতের রেল কর্মকর্তাদের মধ্যে বৈঠকও হয়েছে। ওই বৈঠকের পর ট্রেনটি চালুর ব্যাপারে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানা গেছে।
এদিকে ট্রেন চলাচলের জন্য রেলপথের নিরাপত্তা যাচাই ও প্রয়োজনীয় প্রযুক্তিগত প্রস্তুতির কাজ প্রায় শেষ। সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই ট্রেনের সময়সূচি ও টিকিট বিক্রির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।
২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ-ভারত রেল যোগাযোগ স্থগিত হয়ে যায়। এরপর প্রায় দুই বছর ধরে মিতালী এক্সপ্রেসের চলাচল বন্ধ রয়েছে।
এরই মধ্যে গত সপ্তাহ থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও টুরিস্ট ভিসা দেওয়া শুরু করেছে ভারত। সংশ্লিষ্টদের ধারণা, ভিসা কার্যক্রম স্বাভাবিক হওয়ার ধারাবাহিকতায় পর্যায়ক্রমে মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস ট্রেনের চলাচলও পুনরায় চালু হতে পারে।
সূত্র: জি-২৪

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





