টকশোতে জুলাই নিয়ে এমপি মনির বিরূপ মন্তব্যে ছাত্রদল সভাপতির ক্ষোভ

ছবি: ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব (সংগৃহীত)
জুলাই আন্দোলন নিয়ে বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির সাম্প্রতিক বক্তব্যকে ‘অযাচিত’ আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ও ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান।
সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে নিলোফার চৌধুরী মনি জুলাই আন্দোলনের নেতৃত্ব, স্নাইপার হামলা এবং আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলেন। তার এসব মন্তব্যকে কেন্দ্র করেই ছাত্রদলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসে।
টকশোতে নিলোফার চৌধুরী মনি বলেন, ‘অনেক কিছুই আমি বলতে চেয়েও বলতে পারি না। কারণ অনেক কিছু বললে অনেকের কাপড়-চোপড় ঠিক থাকবে না। যারা আজ কথা বলে, তারা কখন কোথায় কীভাবে সেনাবাহিনীর সঙ্গে দেখা করে এই কাজগুলো করেছিল, তাদের কতটা ভূমিকা ছিল?’
তিনি আরও প্রশ্ন তোলেন, ‘যাদের বলা হয় যে তারাই আন্দোলনের মূল নেতৃত্ব, এই আন্দোলনে আসলে কারা মেইন ছিল, কেউ জানে না। আন্দোলনে অংশ নেওয়া অনেকেই একে অপরকে চিনতেন না। পাশে হাঁটতে গিয়ে কেউ পড়ে গেলে মনে হয়েছে স্বাভাবিকভাবে পড়ে গেছে, অথচ সে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। গুলিটা সামনে থেকে এসেছে নাকি পেছন থেকে এসেছে, সেটাও কেউ জানে না। গুলির কোনো শব্দ হয়নি, এটা স্নাইপারের গুলি ছিল।’
সঞ্চালক যখন জানতে চান, ‘তার মানে এটা কি কোনো পরিকল্পিত ডিজাইন বা ষড়যন্ত্র ছিল?’—জবাবে তিনি বলেন, ‘ডিজাইন তো অবশ্যই ছিল, ষড়যন্ত্র কি না আমি বলতে পারব না।’
এ ছাড়া তিনি দাবি করেন, ‘কারা মারলো, কেউ জানে না। সামনে কোনো পুলিশও ছিল না। পুলিশের গুলি হলে তো সামনেই হতো। হতে পারে কোনো বাসা থেকে বা ওপরতলা থেকে টার্গেট করে গুলি করা হয়েছে। আমার নিজের কাছেও অনেক প্রশ্নের উত্তর নেই।’
নিলোফার মনির এসব বক্তব্যের কঠোর সমালোচনা করে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তার ফেসবুক পোস্টে লেখেন, ‘প্রিয় নিলোফার চৌধুরী মনি আপা, এমপি; আপনি দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামের সারথি ছিলেন। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আপনার অনবদ্য ভূমিকা রয়েছে। কিন্তু সম্প্রতি টেলিভিশন টকশোতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে আপনার অযাচিত বক্তব্যে আমরা অত্যন্ত মর্মাহত ও ক্ষুব্ধ। আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম।’
তিনি আরও লেখেন, ‘আমরা অবগত রয়েছি, আপনি জুলাইয়ের চেতনা ধারণকারী একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ। তাই জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আপনি আরও সংযত ও শ্রদ্ধাশীল হবেন এটাই আমাদের প্রত্যাশা।’
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






