২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে সারাদেশে ২৪ হাজার ৭৮৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। একই সঙ্গে অসদুপায় অবলম্বনের অভিযোগে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষায় নিবন্ধিত ৮ লাখ ৫৬ হাজার ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ১৭ হাজার ২৩৩ জন, যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ০১ শতাংশ।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৩ হাজার ৯৭১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন ঢাকা বোর্ডে। এছাড়া রাজশাহী বোর্ডে ২ হাজার ৪৬৭, যশোরে ২ হাজার ৭৮, কুমিল্লায় ১ হাজার ৭৯৫, দিনাজপুরে ১ হাজার ৯৩৭, বরিশালে ১ হাজার ৩৪৬, চট্টগ্রামে ১ হাজার ৩৪০, ময়মনসিংহে ১ হাজার ১৮২ এবং সিলেটে ১ হাজার ১২৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

অসদুপায়ের দায়ে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে যশোর বোর্ডে ২ জন এবং কুমিল্লা, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডে একজন করে বহিষ্কৃত হয়েছেন। তবে কোনো পরিদর্শকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কুরআন মাজিদ পরীক্ষায় ৮০ হাজার ৬৫৩ জন পরীক্ষার্থী অংশ নেন। এ বোর্ডে ৪ হাজার ৪৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন এবং অসদুপায়ের দায়ে একজনকে বহিষ্কার করা হয়েছে।

এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা-২ পরীক্ষায় অংশ নেন ৮০ হাজার ৬০৩ জন পরীক্ষার্থী। এ বোর্ডে ৩ হাজার ৭৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। অসদুপায়ের অভিযোগে বহিষ্কার করা হয়েছে একজন পরীক্ষার্থীকে।

সব মিলিয়ে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে তিন শিক্ষা বোর্ডে মোট ২৪ হাজার ৭৮৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত এবং ৭ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।

প্রাইমটিভি/এমএইচ