‘পুশইন’ প্রতিরোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

ছবিঃ সংগৃহীত
নেত্রকোনা সীমান্ত দিয়ে সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশইন’ প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তজুড়ে টহল, নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।
সরেজমিনে নেত্রকোনার কলমাকান্দা সীমান্তের চন্দ্রডিঙা এলাকায় দেখা যায়, বিজিবি সদস্যরা অস্ত্রসহ সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে নিয়মিত টহল দিচ্ছেন। অবৈধ অনুপ্রবেশ, ‘পুশইন’ এবং চোরাচালান ঠেকাতে ২৪ ঘণ্টা নজরদারি অব্যাহত রয়েছে।
নেত্রকোনা ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী বলেন, সীমান্ত দিয়ে সম্ভাব্য যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশইন’ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্তে শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
তিনি জানান, সীমান্তের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতার সুযোগ নেই।
সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিজিবির এই কর্মকর্তা বলেন, কোনো সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড নজরে এলে দ্রুত বিজিবিকে জানাতে হবে।
বিজিবি জানিয়েছে, দেশের সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও কঠোর টহল, নজরদারি এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






