প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার

ছবি: ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার (সংগৃহীত)
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় শারীরিক প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে বাকী বিল্লাহ (৫২) নামে এক মাদ্রাসা সুপারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১ জুলাই) রাতে উপজেলার গছাইল গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি গছাইল দাখিল মাদ্রাসার সুপার।
পুলিশ জানায়, বাকী বিল্লাহর শ্বশুরবাড়িও গছাইল গ্রামে। তিনি প্রায়ই তার চাচাতো শ্বশুরের বাড়িতে যাতায়াত করতেন। অভিযোগ রয়েছে, গত ২১ জানুয়ারি বিকেলে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে তিনি তার শারীরিক প্রতিবন্ধী চাচাতো শ্যালিকাকে ধর্ষণ করেন।
পরে ওই তরুণীর শারীরিক পরিবর্তন দেখা দিলে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান, তিনি ১৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা।
এ ঘটনায় তরুণীর অভিভাবক ও বাকী বিল্লাহর চাচা শ্বশুর তোজাম্মেল হোসেন বাদী হয়ে গত ২৫ জুন আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে ১ জুলাই মামলাটি নন্দীগ্রাম থানায় এজাহার হিসেবে নথিভুক্ত করা হয়।
মামলা নথিভুক্ত হওয়ার পর বুধবার রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত বাকী বিল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মামলার তদন্তও অব্যাহত রয়েছে।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






