দেশের শিক্ষা ব্যবস্থায় দীর্ঘদিনের সেশনজট কমাতে বড় সিদ্ধান্তের কথা জানিয়েছে সরকার। ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা নির্ধারিত সময়ের আগেই, অর্থাৎ চলতি বছরের ডিসেম্বর মাসে আয়োজন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। শনিবার সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে দেখা যায়, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ভর্তি পরীক্ষার জন্য দীর্ঘ বিরতি তৈরি হয়। এতে প্রায় এক বছরের মতো সময় অপচয় হয়, যা শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটায়।

মন্ত্রী জানান, এখন থেকে ডিসেম্বর মাসকে পরীক্ষার মাস হিসেবে নির্ধারণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। লক্ষ্য হচ্ছে, দুই বছরের পড়াশোনা যেন দুই বছরেই শেষ হয়। সিলেবাস শেষ হওয়ার পরপরই পরীক্ষা এবং ফল প্রকাশের সঙ্গে সঙ্গে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার ওপর জোর দিচ্ছে সরকার। শিক্ষার্থীদের কোচিং নির্ভরতা কমাতেও উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত ভর্তি কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনার কথা জানান তিনি। এতে শিক্ষার্থীদের অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় কমবে বলে আশা করা হচ্ছে। একই পরিকল্পনার আওতায় ২০২৭ সালের এইচএসসি পরীক্ষাও এগিয়ে আনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। পুরো শিক্ষা ক্যালেন্ডার নতুনভাবে সাজিয়ে সেশনজটমুক্ত একটি ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

এদিকে, এমপিওভুক্ত শিক্ষকদের বদলি সংক্রান্ত দীর্ঘদিনের দাবি পূরণে একটি স্বচ্ছ ও আধুনিক নীতিমালা দ্রুত কার্যকর করার কথাও জানিয়েছেন তিনি।