‘প্রাথমিক শিক্ষায় মেয়ে শিশুদের উপস্থিতি ও ফলাফল ছেলেদের চেয়ে ভালো’

ছবি- সংগৃহীত
দেশের প্রাথমিক শিক্ষায় মেয়েদের সংখ্যা ও সাফল্য ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (পরিকল্পনা) মো. ছাইফুল ইসলাম বলেছেন, মেয়েদের পিছিয়ে রেখে কোনো জাতির সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।আজ শনিবার (১৩ জুন) রাজধানীর বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কার্যালয়ে ‘হলদে পাখি সম্প্রসারণে বিজ্ঞ পাখি ও প্রাথমিক শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে অনুষ্ঠিত সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ছাইফুল ইসলাম জানান, বর্তমানে দেশের প্রাথমিক শিক্ষায় দুই কোটিরও বেশি শিক্ষার্থী রয়েছে, যার মধ্যে ছাত্রীদের উপস্থিতি ও পরীক্ষার ফলাফল অনেক বিদ্যালয়েই ছেলেদের চেয়ে ভালো। তিনি জোর দিয়ে বলেন, সমাজ ও রাষ্ট্র গঠনে নারীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শিক্ষিত মা-ই পারেন একটি শিক্ষিত পরিবার ও সমাজ উপহার দিতে। দেশের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক অগ্রগতির জন্য দক্ষ নার্স, চিকিৎসকসহ বিভিন্ন পেশায় নারীদের অংশগ্রহণ আরও বাড়াতে হবে, যেখানে গার্ল গাইডসের কার্যক্রম বড় ভূমিকা রাখতে পারে।
বর্তমানে দেশের ৭২টি জেলায় গার্ল গাইডসের কার্যক্রম চলমান রয়েছে। এই কার্যক্রমকে আরও বেগবান ও কার্যকর করতে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ বৃদ্ধি, আধুনিক প্রশিক্ষণ এবং সক্ষমতা উন্নয়নের তাগিদ দেন যুগ্মসচিব। এ লক্ষ্যে শিক্ষা প্রশাসন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে আরও সক্রিয় ও সমন্বিত ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









