দেশের মাধ্যমিক শিক্ষায় উদ্ভাবন, বিজ্ঞানচর্চা, উদ্যোক্তা তৈরির সংস্কৃতি এবং জলবায়ু সচেতনতা জোরদারে আজ সোমবার দুটি বৃহৎ কর্মসূচি বাস্তবায়ন করছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুপুর ১টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান একযোগে জাতীয় পর্যায়ের ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ এবং দেশের ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন।

মাউশি জানিয়েছে, শিক্ষার্থীদের মুখস্থনির্ভর শিক্ষা থেকে বের করে সৃজনশীলতা, বিশ্লেষণী দক্ষতা, উদ্ভাবনী চিন্তা এবং উদ্যোক্তা মানসিকতা গড়ে তুলতেই এ আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নিয়েছেন। উপজেলা, জেলা ও মহানগর পর্যায় পেরিয়ে জাতীয় পর্যায়ে সেরা ১০০টি দল তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করবে। এর মধ্যে সেরা ১০টি দলকে ট্রফি দেওয়া হবে। পাশাপাশি নির্বাচিত শিক্ষক ও শিক্ষার্থীদের নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হবে।

অন্যদিকে, লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রকল্পের আওতায় দেশের ১৮ হাজার ৯০৭টি বিদ্যালয়, এক হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৯ হাজার ২৬৮টি মাদ্রাসাসহ মোট ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে।

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে অন্তত একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি গাছ রোপণ করা হবে। একই সঙ্গে জলবায়ু সচেতনতা বিষয়ক র‌্যালি, ব্যানার প্রদর্শন এবং কেন্দ্রীয় অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের ব্যবস্থাও রাখা হয়েছে।

শিক্ষা সংশ্লিষ্টদের মতে, উদ্ভাবনী শিক্ষা কার্যক্রম ও পরিবেশ সংরক্ষণের এই দুই উদ্যোগ শিক্ষার্থীদের সৃজনশীলতা, প্রযুক্তিনির্ভর চিন্তা, নেতৃত্বগুণ এবং পরিবেশ সচেতনতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রাইমটিভি/এনজি