তিস্তার পানি বিপৎসীমার ৭ সেমি ওপরে, বন্যার শঙ্কা

তিস্তার পানি বিপৎসীমার ওপরে । প্রাইম টিভি
উজানের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের প্রভাবে দ্রুত বাড়ছে তিস্তা নদীর পানি। অতিরিক্ত পানির চাপ সামাল দিতে লালমনিরহাটের ডালিয়া তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
রোববার (২৮ জুন) সন্ধ্যা ৬টার পরিমাপ অনুযায়ী, ডালিয়া পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২২ মিটার। মাত্র তিন ঘণ্টার ব্যবধানে নদীর পানি বেড়েছে ১৯ সেন্টিমিটার, যা তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে বন্যার শঙ্কা আরও বাড়িয়েছে।
পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাটের হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার তিস্তা তীরবর্তী বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চলে পানিবন্দি হওয়ার আশঙ্কায় রয়েছেন হাজারো মানুষ। স্থানীয়দের আশঙ্কা, পানি আরও বাড়লে বসতবাড়ি, গ্রামীণ সড়ক ও বিস্তীর্ণ ফসলি জমি প্লাবিত হতে পারে।
এরই মধ্যে গত দুই সপ্তাহে কয়েক দফা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। নতুন করে পানি বাড়ায় আমন ধানের বীজতলা, শাকসবজি, বাদাম, পাটসহ বিভিন্ন ফসলের আরও ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভারতের উজানের কয়েকটি অঞ্চলে টানা ভারী বৃষ্টিপাতের কারণে আগামী ২৪ ঘণ্টা তিস্তার পানি বিপৎসীমার ওপরে বা এর আশপাশে থাকতে পারে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নদীতীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





