আগামীকাল ও পড়শু, শুক্রবার ও শনিবার, কমলগঞ্জের ঘোড়ামারায় থিয়েটারের নটমণ্ডপ প্রাঙ্গণে এই উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চস্থ হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কর্মফল’ গল্প অবলম্বনে মণিপুরি থিয়েটারের প্রযোজনা নাটক ‘খেন্তাম’। নাটকটি মণিপুরি ভাষা ও রীতিতে উপস্থাপিত হয়ে রবীন্দ্রসাহিত্যের ভিন্ন এক পাঠ উপস্থাপন করবে।  

 

প্রতিদিন বিকেল ৬টা থেকে শুরু হওয়া এ আয়োজনে শতাধিক শিল্পীর অংশগ্রহণে মণিপুরি ও বাংলার লোকায়ত সংস্কৃতির এক সমৃদ্ধ মেলবন্ধন ঘটবে বলে আয়োজকরা জানিয়েছেন। এই উৎসব মূলত মণিপুরি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বিষু উৎসব এবং বাংলা নববর্ষকে কেন্দ্র করে সাজানো হয়েছে। দুই দিনের এই সাংস্কৃতিক আয়োজনে নাটক, পালাগান, নৃত্য, সংগীত, চলচ্চিত্র প্রদর্শনীসহ নানা ধরনের পরিবেশনা থাকছে, যা দর্শকদের জন্য এক বৈচিত্র্যময় অভিজ্ঞতা তৈরি করবে।
 

ময়মনসিংহ গীতিকা অবলম্বনে নির্মিত পালানাট্য ‘জয়তুন বিবির পালা’ উপস্থাপন করবে গ্রামীণ জীবনের কাহিনি, লোকজ আবেগ ও সামাজিক বাস্তবতার এক অনন্য রূপ। দুই দিনের আয়োজনে আরও থাকছে দুটি নাটিকা, পালাগান, চা-জনগোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় দণ্ডনাট, নৃত্য ও সংগীত পরিবেশনা, পাশাপাশি ঋতুবন্দনা এবং সিনেমা প্রদর্শনী। স্থানীয় ঐতিহ্যবাহী নিকন খেলা প্রতিযোগিতাও রাখা হয়েছে।