মায়ের চেয়েও ৯ বছরের বড় মেয়েকে বিয়ে করে আলোচনায় জাপানি দম্পত্তি

ছবিঃ সংগৃহীত
দুই দশক আগেই নিজের ব্যক্তিগত জীবন থেকে ভালোবাসার গল্প হারিয়ে ফেলেছিলেন জাপানের এক ঐতিহ্যবাহী নৃত্যশিল্পী। ভেবেছিলেন, হয়তো জীবনে আর কোনোদিন ফিরে আসবে না সম্পর্কের সেই উষ্ণতা। কিন্তু সময় যেন তার জন্য অন্য এক গল্প লিখে রেখেছিল। অবশেষে ৬০ বছর বয়সে এসে জাপানের সেই নৃত্যশিল্পী খুঁজে পেলেন তার মনের মানুষকে। আর সেই মানুষটি বয়সে তার চেয়ে ৩৪ বছরের ছোট, সম্পর্কে ছিল তারই একনিষ্ঠ শিষ্য।
সম্প্রতি জাপানের জনপ্রিয় টেলিভিশন শোতে হাজির হয়ে এই দম্পতি তাদের ভালোবাসার গল্প তুলে ধরেন, যদিও নিজেদের পরিচয় গোপন রাখেন তারা। জানা যায়, জাপানের ইবারাকি অঞ্চলের বাসিন্দা এই নারী শৈশব থেকেই ঐতিহ্যবাহী নাচের সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি ‘তাইশু এনগেকি’ ধারার একটি থিয়েটার দলে শিক্ষকতা করছেন, যা নাচ, কাবুকি এবং আবেগঘন গল্পের এক অনন্য মিশ্রণ। ব্যক্তিগত জীবনে তিনবার বিবাহবিচ্ছেদের পর দীর্ঘ ২০ বছর একাকী ছিলেন তিনি। ঠিক সেই সময়েই তার জীবনে আসে ২৬ বছর বয়সী এক তরুণ। ছোটবেলা থেকেই এই থিয়েটার ধারার ভক্ত ছিলেন তরুণটি। একদিন হঠাৎ একটি সাইনবোর্ড দেখে তিনি যোগ দেন ওই দলে। প্রথম দেখাতেই দুজনের মধ্যে তৈরি হয় আকর্ষণ। খুব দ্রুতই শুরু হয় তাদের গুরু-শিষ্যের সম্পর্ক, যা পরে রূপ নেয় ভালোবাসায়। দলে যোগ দেওয়ার মাত্র তিন দিনের মাথায় নারীটি নিজের অনুভূতির কথা জানান। আর মঞ্চে প্রেমিক-প্রেমিকার চরিত্রে অভিনয় করতে করতেই বাস্তবেও গড়ে ওঠে তাদের সম্পর্ক।
তরুণটির ভাষায়, প্রথমবার হাত ধরার মুহূর্তেই তিনি বুঝেছিলেন, এই নারীই তার জীবনের মানুষ। এক আতশবাজির রাতে প্রেম নিবেদন করে তিনি প্রতিশ্রুতি দেন, জীবনের শেষ দিন পর্যন্ত পাশে থাকার। তবে এই সম্পর্ক সহজ ছিল না। নারীটি তরুণের মায়ের চেয়েও ৯ বছর বড় হওয়ায় শুরুতে পরিবার আপত্তি জানায়। কিন্তু সময়ের সঙ্গে তাদের ভালোবাসার গভীরতা দেখে বদলে যায় সেই অবস্থান। গত বছরের ডিসেম্বরে তারা আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন।
বর্তমানে পরিবারেও তৈরি হয়েছে এক নতুন বন্ধন। তরুণের মা তাকে দেখেন বড় বোনের মতো, আর ছোট বোনদের কাছে তিনি যেন দ্বিতীয় মা। সামাজিক যোগাযোগমাধ্যমে এই প্রেমকাহিনি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। অনেকেই বলছেন, ভালোবাসার ক্ষেত্রে বয়স কোনো বাধা নয়। কেউ কেউ আবার মন্তব্য করেছেন, সত্যিকারের ভালোবাসা এমনই, যা সব সীমা পেরিয়ে যায়।
সোর্সঃ মালয়েশিয়াভিত্তিক গণমাধ্যম দ্য স্টার

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








