একটি শিশুর জন্ম মানেই একটি পরিবারের জন্য নতুন স্বপ্ন ও নতুন আনন্দের আগমন। আর এই বিশেষ মুহূর্তকে আরও স্মরণীয় করে তুলতে এক অভিনব ও হৃদয়স্পর্শী উদ্যোগ নিয়েছে ভারতের তামিলনাড়ু সরকার। রাজ্যের সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি নবজাতককে ১ গ্রাম ওজনের স্বর্ণের আংটি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়।

থাই মামান গোল্ড রিং স্কিম’ নামের এই প্রকল্পটিকে রাজ্যের অন্যতম ব্যতিক্রমী জনকল্যাণমূলক কর্মসূচি হিসেবে দেখা হচ্ছে। তামিল সংস্কৃতির দীর্ঘদিনের ঐতিহ্য ‘থাই মামান সির’ থেকে অনুপ্রাণিত হয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে শিশুর জন্মের পর তার মামা আশীর্বাদস্বরূপ উপহার দেন। এবার রাজ্য সরকার নিজেই যেন নবজাতকদের ‘মামা’র ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

প্রশাসন জানিয়েছে, শিশুদের প্রতি দায়িত্ববোধ এবং সামাজিক বন্ধনের প্রতীক হিসেবেই এই কর্মসূচি। মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের জন্মদিন (২২ জুন ২০২৬) থেকে জন্ম নেওয়া সব শিশুই এই সুবিধার আওতায় আসবে। তবে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী ১৫ সেপ্টেম্বর, সাবেক মুখ্যমন্ত্রী সি এন আন্নাদুরাইয়ের জন্মবার্ষিকীতে।

মুখ্যমন্ত্রী বিজয়ের দল 'তামিলাগা ভেট্রি কাজাঘাম'-এর নির্বাচনী প্রতিশ্রুতির অংশ ছিল এই প্রকল্প, যা বাস্তবায়নে বছরে ৭৫৫ কোটি ৮৩ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। নবজাতকের পরিবারকে মুখে হাসি ফোটানোর পাশাপাশি তামিল ঐতিহ্যকে বাঁচিয়ে রাখাই এই ঐতিহাসিক উদ্যোগের মূল লক্ষ্য।

প্রাইমটিভি/বিএম