প্রধান শিক্ষিকার ব্যাগে মিলল স্কুল ফিডিংয়ের ডিম-রুটি

ছবিঃ সংগৃহীত
বরিশালের বাকেরগঞ্জে শিক্ষার্থীদের জন্য সরকারি স্কুল ফিডিং কর্মসূচির আওতায় বরাদ্দকৃত খাবার আত্মসাতের অভিযোগ উঠেছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। অভিযোগের পর তার ব্যাগ থেকে ২৪টি ডিম ও ২২ পিস রুটি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ২ নম্বর চরাদি ইউনিয়নের ১০ নম্বর রানিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেশমা আক্তার মিষ্টির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে স্কুল ফিডিং কর্মসূচির শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত খাবার নিয়মিত আত্মসাতের অভিযোগ ছিল। এ নিয়ে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে অসন্তোষও বিরাজ করছিল।
প্রত্যক্ষদর্শীদের দাবি, বিদ্যালয় ছুটির পর প্রধান শিক্ষিকা বাড়ি ফেরার সময় কয়েকজন স্থানীয় ব্যক্তি তার ব্যাগ দেখতে চান। প্রথমে তিনি এতে অনীহা প্রকাশ করলেও পরে ব্যাগ খুলে দেখান। এ সময় ব্যাগের ভেতর থেকে ২৪টি ডিম ও ২২ পিস রুটি পাওয়া যায় বলে অভিযোগ করেন উপস্থিত লোকজন। খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসুক জনতার ভিড় জমে।
এলাকাবাসীর অভিযোগ, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে সরকার যে খাবার বরাদ্দ দিয়েছে, তা আত্মসাতের অভিযোগ অত্যন্ত নিন্দনীয়। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তবে এ বিষয়ে প্রধান শিক্ষিকা রেশমা আক্তার মিষ্টির বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বাকেরগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন বলেন, ঘটনাটি তার নজরে এসেছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষিকার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




