‘জ্ঞানী স্বরাষ্ট্রমন্ত্রী’ নিজের মন্ত্রণালয়ে নজর দিলে দেশবাসী উপকৃত হতো:রুমিন ফারহানা

ছবিঃ সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের অন্য মন্ত্রণালয়ের বিষয়ে ‘অতি তৎপরতা’ নিয়ে সমালোচনা করে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, তিনি যদি একই মনোযোগ নিজের মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে দিতেন, তাহলে দেশের মানুষ আরও বেশি উপকৃত হতো।
শুক্রবার (২৬ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের ঘাগড়াজুড়ি গ্রামে একটি সড়ক নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, দেশের অর্থনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি না হলে সরকারের জন্য তা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। নতুন অর্থবছরের বাজেটের বাস্তবায়ন নিয়েও তিনি প্রশ্ন তুলে বলেন, এ বিষয়ে তিনি সংসদেও নিজের অবস্থান তুলে ধরেছেন।
তিনি বলেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি নাজুক। এই বাস্তবতায় অর্থ ও স্বরাষ্ট্র—দুই মন্ত্রণালয়ের দায়িত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর অন্য মন্ত্রণালয় নিয়ে যতটা আগ্রহ ও তৎপরতা দেখা যায়, নিজের মন্ত্রণালয়ের কাজে একই গুরুত্ব দিলে দেশের মানুষ উপকৃত হতো।
এ সময় মামলাকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগও তুলে ধরেন রুমিন ফারহানা। তিনি বলেন, বিভিন্ন এলাকায় বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মামলা বাণিজ্যের’ অভিযোগ রয়েছে। বিষয়টি তিনি সংসদেও উত্থাপন করেছেন বলে জানান।
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব অভিযোগ গুরুত্ব দিয়ে তদন্ত করা উচিত। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, ক্ষমতায় থেকে যে কোনো কর্মকাণ্ডের জন্য একসময় জবাবদিহি করতে হয়।
এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা রুমিন ফারহানার সঙ্গে উপস্থিত ছিলেন।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




