ঢাকার ধামরাইয়ে স্ত্রীর সঙ্গে পারিবারিক অভিমানের জেরে ৩৩ কেভি উচ্চক্ষমতার বিদ্যুৎ সঞ্চালন টাওয়ারের চূড়ায় উঠে বসেন এক যুবক। প্রায় দুই ঘণ্টা ৪৫ মিনিটের টানা অভিযানের পর তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (২৫ জুন) রাতে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের ভাটারখোলা গ্রামে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া যুবকের বয়স ২২ বছর। তার পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে অভিমান করে বাড়ির পাশের প্রায় ১০ তলা ভবনের সমান উঁচু ৩৩ কেভি বিদ্যুতের টাওয়ারে উঠে যান ওই যুবক। তাকে টাওয়ারের চূড়ায় ঝুঁকিপূর্ণ অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুৎ বিভাগের সহায়তায় প্রথমে লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। এরপর বিশেষ সতর্কতার সঙ্গে উদ্ধার অভিযান চালানো হয়।

দীর্ঘ প্রায় পৌনে তিন ঘণ্টার চেষ্টার পর যুবককে নিরাপদে নিচে নামিয়ে আনা সম্ভব হয়। পরে তাকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য ধামরাই থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আল আমিন খান বলেন, যুবকটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থানে ছিলেন। সামান্য অসতর্কতা ঘটলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। উদ্ধারকর্মীদের সতর্কতা ও সমন্বিত প্রচেষ্টায় তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

প্রাইমটিভি/এমএইচ