সুশান্ত সিং মৃত্যুর পর কেউ কাজ দেয়নি: রিয়া চক্রবর্তী

ছবিঃ সংগৃহীত
২০২০ সালে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এক চরম ঝড়ের মুখে পড়েছিলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। প্রেমিককে হারানোর শোকের পাশাপাশি তার ওপর এসেছিল হত্যার অভিযোগ, যার জন্য তাঁকে কারাবাসও খাটতে হয়েছে। যদিও পরে তিনি নির্দোষ প্রমাণিত হন, কিন্তু ততদিনে তার ক্যারিয়ার ধ্বংস হয়ে যায় এবং ভাইয়ের সাথে চরম অর্থকষ্টে দিন কাটাতে হয়।

তবে সেই অন্ধকার অধ্যায় পেরিয়ে রিয়া এখন একজন সফল উদ্যোক্তা। সম্প্রতি নেহা ধুপিয়ার সাথে এক সাক্ষাৎকারে নিজের ব্যবসার চড়াই-উতরাই নিয়ে মুখ খুলেছেন তিনি। রিয়া জানান, ভাইবোনের সাথে ব্যবসা করা বেশ জটিল, কারণ ব্যক্তিগত জীবনের রাগ অনেক সময় পেশাগত জায়গায় চলে আসে। তবে এর সবচেয়ে বড় ইতিবাচক দিক হলো অন্ধবিশ্বাস।
সবচেয়ে মজার বিষয় হলো, তাদের ফ্যাশন ব্র্যান্ডের নাম নিয়ে প্রথমদিকে বেশ কিছু অদ্ভুত চিন্তা করেছিলেন রিয়া। ট্রল ও কটাক্ষের জবাব দিতে তার প্রথম পছন্দ ছিল ‘চুড়েল কা বদলা’ (পেত্নীর প্রতিশোধ)। এমনকি এই নামে টি-শার্টের ডিজাইনও ভেবে ফেলেছিলেন তিনি। এরপর মাথায় আসে ‘ব্ল্যাক শিপ’ নামটির কথা, কারণ কঠিন সময়ে সমাজের চোখে তারা একপ্রকার কুলাঙ্গারই ছিলেন।
তবে নেতিবাচকতা দূরে সরিয়ে, অতীতকে পেছনে ফেলে জীবনের নতুন শুরুর প্রতীক হিসেবে শেষ পর্যন্ত তারা ব্র্যান্ডের নাম রাখেন ‘চ্যাপ্টার ২’। রিয়াজীবনের এই ঘুরে দাঁড়ানোর গল্প এখন অনেকের অনুপ্রেরণা।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








