কবে বিয়ে করছেন?’ এমন প্রশ্নের মুখোমুখি প্রতিনিয়ত হতে হয় ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা ববিকে. বহুবার তার বিয়ের গুঞ্জন ছড়ালেও বাস্তব জীবনে তিনি এখনো অবিবাহিতই রয়ে গেছেন। সম্প্রতি এশিয়া পোস্ট-এর ‘এপি স্টার’ অনুষ্ঠানে হাজির হয়ে ববি নিজেই জানালেন, বিয়ের জন্য কেমন পাত্র পছন্দ তার।

অনুষ্ঠানে বিয়ের পাত্রের যোগ্যতা প্রসঙ্গে ববি বলেন, ‘আমার এমন একজন মানুষ পছন্দ যে দায়িত্বশীল, বিচক্ষণ, সহানুভূতিশীল এবং লম্বা হবে। আমি যাকে বিয়ে করব, তার যে প্রচুর অর্থ থাকতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু মানুষ হিসেবে তাকে অবশ্যই দারুণ হতে হবে।

বিয়ের ভেন্যু নিয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, বিয়ে দেশেই করার ইচ্ছা আছে তার।তবে দেশের বাইরে করলে অস্ট্রেলিয়াতে করার সম্ভাবনাই বেশি, কারণ তার পরিবারের অধিকাংশ সদস্যই সেখানে স্থায়ীভাবে বসবাস করেন।

বর্তমানে অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় আছেন এই নায়িকা।বাসায় ভয়াবহ চুরি এবং এক প্রতারকের সঙ্গে নাম জড়ানোর পর বেশ কিছুদিন খবরের শিরোনামে ছিলেন তিনি।তবে পরবর্তীতে তার বিরুদ্ধে হওয়া সব অপপ্রচারের কড়া জবাবও দিয়েছেন এই নায়িকা। ব্যক্তিগত জীবনের পাশাপাশি ক্যারিয়ার নিয়েও ভাবছেন ববি এবং বর্তমানে বেশ কিছু নতুন প্রজেক্ট ও সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

প্রাইমটিভি/বিএম