যে কোন সময় টুইঙ্কল আমায় মেরে ফেলতে পারে : অক্ষয় কুমার

ছবিঃ সংগৃহীত
বলিউডের অন্যতম জনপ্রিয় ও চর্চিত জুটি অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না। তাদের মধ্যকার মিষ্টি খুনসুটি প্রায়শই খবরের শিরোনামে আসে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষয় এমন এক মন্তব্য করেছেন, যা শুনে সবার চক্ষু চড়কগাছ। 'ওয়েলকাম টু জঙ্গল' ছবির প্রচারণায় এসে অক্ষয় মজা করে দাবি করেন, স্ত্রী টুইঙ্কেল নাকি তাকে যেকোনো মুহূর্তে মেরে ফেলতে পারেন!
অবশ্য এই মারাত্মক দাবির পেছনে রয়েছে টুইঙ্কেলের কড়া সমালোচকের ভূমিকা। অক্ষয় জানান, তার কাজের সবচেয়ে বড় এবং কঠোর সমালোচক হলেন তার স্ত্রী (টিনা)। টুইঙ্কেল অক্ষয়কে নিয়ে খোঁচা মারার বা সত্যি কথা সোজা সাপটা বলার কোনো সুযোগই হাতছাড়া করেন না। অক্ষয়ের ভাষায়, "ও এতটাই কঠোর যে ওকে ব্যাখ্যা করার শব্দ আমার জানা নেই। তাই ও যেকোনো সময় আমাকে মেরেও ফেলতে পারে!" ছবি মুক্তি হোক বা ব্যক্তিগত জীবন, স্ত্রীর মতামত নিয়ে তাই সবসময়ই খানিকটা ভয়ে সিঁটিয়ে থাকেন অভিনেতা।
তবে এই নিয়মের ব্যতিক্রম ঘটেছিল অক্ষয়ের আসন্ন ছবি ‘ভূত বাংলা’র ট্রেলার মুক্তির সময়। ট্রেলারটি দেখে টুইঙ্কেল মুগ্ধ হয়ে অক্ষয়কে প্রশংসামূলক মেসেজ পাঠিয়েছিলেন। স্ত্রীর কাছ থেকে এমন বিরল প্রশংসা পেয়ে অক্ষয় এতটাই খুশি হয়েছিলেন যে, আনন্দের চোটে ছবির পরিচালককে ফোন করে বসেন। পর্দার খিলাড়ি কুমার বাস্তবে যে তাঁর 'খিলাড়ি' স্ত্রীর সমালোচনার বাণকে কতটা সমীহ করে চলেন, এই ঘটনা তারই এক মজাদার প্রমাণ।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








