পবিত্র ওমরাহ হজ পালন করতে সৌদি আরব গেছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ওমরাহ পালনের এই পবিত্র সফরে তার সঙ্গে রয়েছেন তার বাবা, মা এবং বোন। আজ শুক্রবার (২৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে মক্কা শরিফ থেকে একগুচ্ছ ছবি প্রকাশ করে অভিনেত্রী নিজেই ভক্তদের এই খবরটি জানিয়েছেন।

prothomalo-bangla_2024-12-09_xxc8ok6w_1

ওমরাহ পালনের পরম অনুভূতি প্রকাশ করে ভাবনা সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘প্রথমবার যখন পবিত্র কাবার দিকে তাকালাম, আমার মুখ থেকে যেন সব শব্দ হারিয়ে গেল। কোনো ভাষা বা শব্দ দিয়ে সেই মুহূর্তের গভীর আবেগ, মনের ভেতরের উপচে পড়া পরম শান্তি আর অন্তরের কৃতজ্ঞতাকে প্রকাশ করা সম্ভব নয়। জীবনের এই পরম সৌভাগ্যের জন্য আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা।’

vabna1

ছোট পর্দার মধ্য দিয়ে শোবিজে ক্যারিয়ার শুরু করা ভাবনা ২০১৭ সালে অনিমেষ আইচের ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। প্রথম সিনেমাতেই ওপার বাংলার পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে তাঁর ‘নয়নতারা’ চরিত্রটি বেশ প্রশংসিত হয়। এরপর বাণিজ্যিক ধারার বাইরে ‘লাল মোরগের ঝুঁটি’ এবং ‘দামপাড়া’র মতো চলচ্চিত্রে অভিনয় করে একজন শক্তিশালী অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি একজন দক্ষ নৃত্যশিল্পী, চিত্রশিল্পী এবং লেখিকা হিসেবেও তার সুপরিচিতি রয়েছে।

প্রাইমটিভি/বিএম