বলিউডের অন্যতম কালজয়ী ছবি '3 Idiots'-এর সিক্যুয়েলের জন্য দর্শকদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। পরিচালক রাজকুমার হিরানি অবশেষে ছবির গল্প নিয়ে এক বড়সড় ইঙ্গিত দিয়েছেন। তবে নতুন এই ছবিতে আর কলেজ জীবনের গল্প দেখা যাবে না, বরং র‍্যাঞ্চো, ফারহান ও রাজুর জীবনের এক ভিন্ন অধ্যায় পর্দায় উঠে আসবে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে হিরানি জানান, সিক্যুয়েলের চিত্রনাট্য লেখার কাজ এখন চলছে। গল্পটি প্রথম ছবির সমাপ্তির প্রায় ১৫ থেকে ২০ বছর পরের সময়কে কেন্দ্র করে আবর্তিত হবে। স্বাভাবিকভাবেই, এই দীর্ঘ সময়ে চরিত্রগুলো আর কলেজ পড়ুয়া নেই; তারা নিজ নিজ পেশায় প্রতিষ্ঠিত, বিবাহিত এবং সন্তানের বাবা। এবার তাঁদের জীবনের মিড-লাইফ ক্রাইসিস, নতুন চ্যালেঞ্জ ও পারিবারিক দায়িত্বগুলোই হবে ছবির মূল উপজীব্য।

প্রথম কিস্তির মতো এই ছবিতেও থাকবে একটি জোরালো সামাজিক বার্তা, যা দর্শকদের নতুন করে ভাবাবে। তবে সেই বার্তাটি কী, তা এখনই খোলসা করতে চাননি পরিচালক।

মাঝে গুঞ্জন উঠেছিল যে গল্পে হয়তো নতুন কোনো চরিত্রের আগমন ঘটবে। কিন্তু সব জল্পনা উড়িয়ে দিয়ে রাজকুমার হিরানি স্পষ্ট জানিয়েছেন, ছবিতে কোনো 'চতুর্থ ইডিয়ট' থাকছে না। আমির খান, আর মাধবন এবং শারমান জোশি অভিনীত মূল তিন চরিত্রকে ঘিরেই এগিয়ে যাবে এই বহুল প্রতীক্ষিত সিক্যুয়েলের গল্প।

প্রাইমটিভি/বিএম