বাবা-ছেলের জন্মদিন একই দিনে

ছবিঃ সংগৃহীত
আজ ২৭ জুন, দেশের ছোটপর্দার তুমুল জনপ্রিয় ও শীর্ষ অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর জন্মদিন। ১৯৮৫ সালের এই দিনে শরীয়তপুর জেলায় জন্মগ্রহণ করা এই গুণী তারকা জীবনের ৪১ বছর পূর্ণ করে ৪২ বছরে পদার্পণ করলেন। অভিনয়ের জাদুতে দীর্ঘ সময় ধরে কোটি ভক্তের হৃদয় জয় করে রাখা এই অভিনেতার জন্য আজকের দিনটি দ্বিগুণ আনন্দের। কারণ, আজ তার একমাত্র ছেলে জায়ান ফারুক আয়াশেরও জন্মদিন। একই তারিখে পিতা ও পুত্রের এই জন্মদিন উদ্যাপন প্রতিবছরই অপূর্বর জীবনে এক অনন্য ও বিশেষ আনন্দ বয়ে আনে।
বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয় অভিনেতাকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন তার অগণিত অনুরাগী ও ভক্তরা। বিনোদন অঙ্গনের অনেক নির্মাতা ও সহশিল্পীরাও অপূর্বর সঙ্গে তোলা বিভিন্ন ছবি প্রকাশ করে তাকে জন্মদিনের ভালোবাসা জানাচ্ছেন।
বাল্যকাল থেকেই শোবিজের প্রতি গভীর আগ্রহ থাকা অপূর্বর মিডিয়ায় পথচলা শুরু হয় ২০০২ সালে ‘ইউ গট দ্য লুকস’ প্রতিযোগিতায় ‘মি. বাংলাদেশ’ খ্যাতি অর্জনের মাধ্যমে। এরপর প্রখ্যাত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর নির্দেশনায় নেসক্যাফের একটি বিজ্ঞাপনে মডেল হয়ে দারুণ জনপ্রিয়তা পান তিনি। তবে অভিনেতা হিসেবে তার মূল ও আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০০৬ সালে গাজী রাকায়েত পরিচালিত ‘বৈবাহিক’ নাটকের মাধ্যমে। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই রোমান্টিক কিংবদন্তিকে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








