কেনো সঠিক মানুষের অপেক্ষায় তটিনী !

ছবিঃ সংগৃহীত
বর্তমান সময়ের ছোটপর্দার অন্যতম জনপ্রিয় ও ব্যস্ত অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। পর্দায় তার অভিনয় যেমন দর্শকদের মুগ্ধ করে, তেমনি বাস্তব জীবনে তার প্রেম-বিয়ে নিয়েও ভক্তদের কৌতুহলের শেষ নেই। বিশেষ করে সহ-অভিনেতা ইয়াশ রোহানের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোবিজ পাড়ায় বেশ চর্চিত। অবশেষে এসব গুঞ্জন এবং নিজের সম্পর্ক নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অকপটে মুখ খুলেছেন এই অভিনেত্রী।
তটিনী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বর্তমানে তিনি সম্পূর্ণ সিঙ্গেল এবং কোনো প্রেমের সম্পর্কে নেই। ইয়াশ রোহানের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নাকচ করে তিনি বলেন, "হি ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন (সে আমার খুব ভালো একজন বন্ধু)। এই কথাটা আমি আসলে এতবার বলেছি! আমার মনে হয়, সত্যিই যদি প্রেম থাকত, তবে জিনিসটা আমি আরও প্রাইভেটলি হ্যান্ডেল করতাম এবং এটা নিয়ে কথা বলার সুযোগই দিতাম না। তাই আপনারা নিশ্চিত থাকতে পারেন, কোনো প্রেম নেই।"
ভবিষ্যতে কেমন জীবনসঙ্গী পছন্দ এবং কবে বিয়ের পিঁড়িতে বসবেন—এমন প্রশ্নের জবাবে পর্দার এই সুন্দরী নিজের ম্যাচিউর জীবনবোধের পরিচয় দেন। তিনি জানান, অন্ধ ভালোবাসা নয়, বরং পারস্পরিক সম্মান এবং দিনশেষে ভালো রাখার মানসিকতা রয়েছে এমন একজন সঠিক মানুষের অপেক্ষায় আছেন তিনি।
তটিনী বলেন, "বিয়ে করব যখন সঠিক মানুষ পাব। যে মানুষ আমাকে, আমার প্রফেশনকে এবং আমার ফ্যামিলিকে প্রপার সম্মান দেবে ও ভালোবাসবে। আমার কাছে সবসময় মনে হয়, জীবনে ভালোবাসার মানুষের থেকেও 'ভালো রাখার মানুষ' খুব দরকার; যে আমাকে আগলে রাখতে পারবে। আল্লাহ যদি সঠিক সময়ে সঠিক মানুষ মেলায়, তবেই বিয়ে করব।"
তিনি আরও যোগ করেন, "ভালোবাসা একটা পয়েন্ট পর্যন্ত অবশ্যই দরকার। কিন্তু আমার কাছে মেইন প্রায়োরিটি হলো—সামনের মানুষটা আপনাকে ভালো রাখতে পারছে কি না। আপনি কাউকে অনেক ভালোবাসলেন, কিন্তু সে আপনাকে প্রপার রেসপেক্ট দিল না; দিনশেষে সেখানে তো কোনো শান্তি নেই।"
উল্লেখ্য, তানজিম সাইয়ারা তটিনী বর্তমানে তার ক্যারিয়ারের সুবর্ণ সময় পার করছেন। সদ্য সমাপ্ত ঈদে মুক্তি পাওয়া তার অভিনীত নাটকগুলো দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং প্রশংসিত হয়েছে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







