যুক্তরাষ্ট্রের ৩১ শহরে দেখা যাবে ‘রইদ'

ছবিঃ সংগৃহীত
দেশের প্রেক্ষাগৃহে দর্শক ও সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়ানোর পর এবার আন্তর্জাতিক অঙ্গনে বড় পর্দায় মুক্তি পাচ্ছে চলতি কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় চলচ্চিত্র ‘রইদ’। দেশের গণ্ডি পেরিয়ে সিনেমাটি এবার যুক্তরাষ্ট্রের ২০টি অঙ্গরাজ্যের ৩১টি শহরে একযোগে মুক্তি পেতে যাচ্ছে। আন্তর্জাতিক পরিবেশনা সংস্থা ‘বায়োস্কোপ ফিল্মস’ বিষয়টি নিশ্চিত করেছে।
আজ শুক্রবার থেকে আমেরিকার বিভিন্ন শহরের থিয়েটারগুলোতে সিনেমাটির নিয়মিত প্রদর্শনী শুরু হচ্ছে। এর ফলে উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসী বাঙালিদের পাশাপাশি বিদেশি চলচ্চিত্রপ্রেমীদের মাঝেও বাংলাদেশের এই প্রশংসিত সিনেমাটি দেখার সুযোগ তৈরি হলো। যুক্তরাষ্ট্রের পর্যায় শেষ করে পর্যায়ক্রমে কানাডাতেও সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে পরিবেশকদের। এর আগে গত ৫ জুন থেকে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে ছবিটির সফল প্রদর্শনী শুরু হয়।
কোরবানি ঈদ উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল জনপ্রিয় নির্মাতা মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’। মুক্তির কয়েক সপ্তাহ পার হয়ে গেলেও দেশের বাজারে এর চাহিদা কমেনি। এখনও ঢাকার স্টার সিনেপ্লেক্সসহ দেশের বিভিন্ন আধুনিক প্রেক্ষাগৃহে সাফল্যের সঙ্গে সিনেমাটির প্রদর্শনী চলছে।
ভিন্নধর্মী গল্প ও নান্দনিক নির্মাণের এই সিনেমাটির কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ আরও অনেকে। সংশ্লিষ্টরা আশা করছেন, দেশের মতো আন্তর্জাতিক বাজারেও ‘রইদ’ তার সাফল্যের ধারা বজায় রাখবে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




