বড়পর্দায় ফিরছে জুবিন গর্গের অপ্রকাশিত গান

ছবিঃ সংগৃহীত
জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গর্গকে শ্রদ্ধা জানিয়ে নির্মিত হচ্ছে নতুন মিউজিক্যাল ড্রামা চলচ্চিত্র ‘লাভ ইউ জুবিনদা’। ছবিটির গল্প, সংগীত ও পরিচালনার দায়িত্বে রয়েছেন শ্রী প্রীতম। এমডি ফারুক উদ্দিন প্রযোজিত এই সিনেমার মূল গল্প আবর্তিত হয়েছে ‘বিশাল’ নামের এক যুবককে কেন্দ্র করে, যে ছোটবেলা থেকেই জুবিন গর্গের অন্ধ ভক্ত। বহু চেষ্টা করেও প্রিয় শিল্পীর দেখা না পাওয়া বিশাল যখন কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্যের কাছাকাছি পৌঁছায়, তখনই তার জীবনে নেমে আসে এক বড় সংকট।

সিনেমার পরিচালক শ্রী প্রীতম জানান, ২০১১ সাল থেকে টলিউডে মিউজিক ডিরেক্টর হিসেবে জুবিন গর্গের সঙ্গে বহু কাজ করার সুবাদে তাকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। সেই ভালোবাসা ও শ্রদ্ধা থেকেই এই ছবির ভাবনা। এই চলচ্চিত্রের অন্যতম বড় আকর্ষণ জুবিন গর্গের দুটি অপ্রকাশিত গান।
ছবিতে প্রধান নায়কের চরিত্রে অভিনয় করছেন ইকবাল রহিমি এবং নবাগতা বর্ষা সেনগুপ্তকে দেখা যাবে নায়িকার ভূমিকায়। জুবিন গর্গকে লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা উল্লেখ করে এই ছবির অংশ হতে পেরে গর্ব প্রকাশ করেছেন অভিনেতা ইকবাল। জানা গেছে, খুব শীঘ্রই আসামের গুয়াহাটিতে জুবিন গর্গের স্ত্রী গরিমা গর্গ এই ছবির অফিশিয়াল পোস্টার উন্মোচন করবেন।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







