ইতালির রাজধানী রোমে নিজ বাসায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নারী ও শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পরিবারের আরও এক সদস্য। নিহত প্রবাসীদের বাড়ি বাংলাদেশে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়।

শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় রাত ৮টার দিকে রোমের পাশ্ববর্তী ক্যাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল (৪০), তার স্ত্রী আরজু বেগম (৩৮) এবং পাঁচ বছর বয়সি মেয়ে আরোয়া ইসলাম আরিশা। এ ঘটনায় তাদের ২০ বছর বয়সি ছেলে আমির হোসেন অয়ন আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইতালিপ্রবাসীদের বর্ণনা দিয়ে নিহত বাবুলের ভাতিজা আফনান হোসেন নাইম জানান, স্থানীয় সময় রাত আনুমানিক ৮টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বাবুলের ফ্ল্যাটে প্রবেশ করে। তারা ধারালো অস্ত্র দিয়ে বাবুল, তার স্ত্রী ও শিশুকন্যার ওপর হামলা চালায়।

ঘটনার সময় বাইরে থাকা ছেলে আমির হোসেন অয়ন বাসায় ফিরে রুমে প্রবেশের চেষ্টা করলে বিষয়টি টের পান। এ সময় পালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকেও ছুরিকাঘাত করে আহত করে।

পরে অয়নের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রবাসী বাবুল, তার স্ত্রী ও মেয়েকে মৃত ঘোষণা করেন। আহত অয়ন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের শনাক্ত করতে, ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে।

প্রাইমটিভি/এমআর