পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর এই প্রথম কলকাতায় এলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ও প্রযোজক অনুপম খের। আর শহরে পা রেখেই টলিউড ইন্ডাস্ট্রির জন্য এক বড় সুখবর নিয়ে এলেন তিনি। দীর্ঘ ২৬ বছর পর আবারও নতুন একটি বাংলা চলচ্চিত্র প্রযোজনা করতে যাচ্ছেন এই তারকা।

গতকাল শুক্রবার কলকাতার একটি অভিজাত হোটেলে পরিচালক শমীক বন্দ্যোপাধ্যায়ের আসন্ন চলচ্চিত্র ‘শুরু থেকে শুরু’-এর লোগো ও টিজার উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই ঘোষণা দেন তিনি। এর আগে সর্বশেষ ২০০০ সালে ঋতুপর্ণ ঘোষ পরিচালিত বিখ্যাত 'বাড়িওয়ালি' সিনেমাটি প্রযোজনা করেছিলেন অনুপম খের, যে ছবিতে অভিনয় করে তার স্ত্রী কিরণ খের জাতীয় পুরস্কার পেয়েছিলেন।

নতুন এই চলচ্চিত্রে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পাওলি দাম, টোটা রায়চৌধুরী এবং রাহুল বোসকে। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকছেন জিৎ গঙ্গোপাধ্যায়। ছবিটির লোগো উন্মোচন অনুষ্ঠানে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এবং বিজেপি বিধায়িকা রূপা গঙ্গোপাধ্যায়ও উপস্থিত ছিলেন।

কলকাতায় এসে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও সাক্ষাৎ করেন অনুপম খের। মুখ্যমন্ত্রী তাঁকে নতুন প্রজেক্টের জন্য শুভেচ্ছা জানিয়েছেন এবং রাজ্যে নির্বিঘ্নে শুটিং করার জন্য সব ধরনের প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি ভিডিও শেয়ার করে অনুপম খের গত দেড় মাসে রাজ্য সরকারের বিভিন্ন ইতিবাচক পদক্ষেপের প্রশংসা করেন। অন্যদিকে, শুভেন্দু অধিকারীও ‘দ্য কাশ্মীর ফাইলস’ এবং ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর মতো ছবির প্রসঙ্গ টেনে দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে অনুপম খেরের অবদানের ভূয়সী প্রশংসা করেন।

কলকাতায় এসে প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অনুপম খের। পাশাপাশি, ভবিষ্যতে পশ্চিমবঙ্গে নিজের একটি অ্যাক্টিং স্কুল বা অভিনয়ের প্রশিক্ষণ কেন্দ্র খোলার ইচ্ছার কথাও প্রকাশ করেন এই বর্ষীয়ান অভিনেতা।

প্রাইমটিভি/বিএম