রাজধানীর বনানীতে ছুরিকাঘাতে এক নারীসহ একই পরিবারের তিনজন আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন – সুমন মিয়া (৪৫), তার স্ত্রী সোনিয়া (৩৮) ও সোনিয়ার ভাই রাসেল (৪০)।

আজ (২৭ জুন) ভোর সাড়ে ৪টার দিকে মহাখালী ওয়্যারলেস শিশু মেলা স্কুলের সামনে পাওনা টাকা চাওয়ার একপর্যায়ে কথা-কাটাকাটি হয়। এরপর হামলাকারী আরিফসহ ৮ থেকে ১০ জন মিলে তাদের মারধর করে ছুরিকাঘাতের পর আহত করে পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আহত সুমন তার পরিবার নিয়ে মহাখালী টিঅ্যান্ডটি কলোনিতে বসবাস করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জানে আলম জানান, আহতরা ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, তাদের মধ্যে টাকা-পয়সা দেনা-পাওনা নিয়ে বিরোধ ছিল। এ ছাড়া অন্য কোনো কারণ রয়েছে কিনা, তা তদন্তের পর জানা যাবে।

তিনি আরও বলেন হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রাইমটিভি/এমআর