মালদ্বীপে প্রবাসী বাংলাদেশির ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবিঃ সংগৃহীত
মালদ্বীপের রাজধানী মালেতে মেজবাহ উদ্দিন (২৫) নামে এক প্রবাসী বাংলাদেশির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। নিহত মেজবাহর বাড়ি ফেনী জেলার সোনাগাজী উপজেলায়।
বৃহস্পতিবার (২৫ জুন) রাতে মালের 'সিট্রন বাই লেমনগ্রাস' কোম্পানির স্টাফ কোয়ার্টার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। একই প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসী বাংলাদেশি কবির আহমেদ জানান, রাতে মেজবাহকে অচেতন অবস্থায় ঝুলন্ত দেখতে পেয়ে সহকর্মীরা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় একটি হাসপাতালে পাঠায়।
নিহতের মামা মো. জহিরুল ইসলাম জানান, জীবিকার সন্ধানে চলতি বছরের ফেব্রুয়ারিতেই মেজবাহ মালদ্বীপে গিয়েছিলেন। তিনি কিছুদিন ধরে ব্যক্তিগত ও মানসিক চাপে ভুগছিলেন বলে পরিবারের ধারণা। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কিছু, তা নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মালদ্বীপ পুলিশের আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পরিবার।
এদিকে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, তারা বিষয়টি সম্পর্কে পুরোপুরি অবগত এবং তদন্তের অগ্রগতি জানতে মালদ্বীপের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত মরদেহ দেশে পাঠানোর জন্য পরিবারকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








