গ্ল্যামারাস খোলস ভেঙে এবার অভিনয়ে জাহ্নবী

ছবিঃ সংগৃহীত
মা সুপারস্টার শ্রীদেবী এবং বাবা সফল প্রযোজক বনি কাপুর হওয়ায় বলিউডে জাহ্নবী কাপুরের পথচলা সবসময়ই মসৃণ ছিল। বড় প্রযোজনা প্রতিষ্ঠান ও বড় তারকাদের সাথে কাজ করলেও তারকাখ্যাতির দৌড়ে অনেকের চেয়ে কিছুটা পিছিয়েই ছিলেন তিনি। এবার কন্যার গ্ল্যামারাস খোলস ভেঙে অভিনয়ের মুনশিয়ানা প্রকাশের জন্য বিশেষ এক সিনেমার কথা ভাবছেন বনি কাপুর।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বনি কাপুর বলিউডের অন্যতম এভারগ্রিন ক্লাসিক সিনেমা ‘ওহ সাত দিন’-এর রিমেক করার পরিকল্পনা করছেন। ১৯৮৩ সালে মুক্তি পাওয়া এই সিনেমার মাধ্যমে মূল চরিত্রে প্রথম সুযোগ পেয়েছিলেন অনিল কাপুর। চলতি বছর সিনেমাটির ৪৩ বছর পূর্তির বিশেষ মুহূর্তে বনি কাপুর এর আধুনিক রিমেকে তাঁর কাস্টিং ভিশন শেয়ার করেছেন।
বনি কাপুরের স্পষ্ট ভিশন অনুযায়ী, পদ্মিনী কোলাপুরীর অভিনীত আইকনিক ‘মায়া’ চরিত্রটিতে পর্দায় দেখা যাবে জাহ্নবী কাপুরকে। অনিল কাপুরের কালজয়ী ‘প্রেম প্রতাপ’ চরিত্রে অভিনয়ের জন্য তিনি বেছে নিয়েছেন এ প্রজন্মের অন্যতম সেরা অভিনেতা রণবীর কাপুরকে। এছাড়া সিনেমাটির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য ভাবা হচ্ছে সিদ্ধার্থ মালহোত্রাকে। রণবীর ও সিদ্ধার্থের মতো দুই সুপারস্টারের সাথে পর্দা ভাগ করার এই সুযোগ জাহ্নবীর ক্যারিয়ারের জন্য যে ‘সোনায় সোহাগা’ হতে চলেছে, তা বলাই বাহুল্য।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






