সালমান খান ও ঐশ্বরিয়া রাই অভিনীত ১৯৯৯ সালের ব্লকবাস্টার ছবি ‘হাম দিল দে চুকে সানাম’-এর জনপ্রিয় গান ‘নিম্বুড়া নিম্বুড়া’র লিরিক এবার জায়গা করে নিয়েছে স্কুলের পাঠ্যবইয়ে। ভারতের ওড়িশা রাজ্যের পঞ্চম শ্রেণীর ইংরেজি পাঠ্যবইয়ে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত এই রাজস্থানি লোকসংগীত ঘরানার গানটি ছাপা হয়েছে। তবে শিশুদের পড়ার বইয়ে হিন্দি গানের কথা চলে আসায় ভারতজুড়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।

ওড়িশা টিভির বরাত দিয়ে জানা যায়, সম্প্রতি ইংরেজি বইয়ের বিতর্কিত পৃষ্ঠার কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, ইংরেজি শিক্ষার মূল বিষয়ের পরিবর্তে পুরো একটি অধ্যায় জুড়ে রয়েছে এই গানটি। প্রাথমিক স্কুলের বইয়ে এমন উপাদান দেখে শিক্ষক ও অভিভাবকেরা চরম ক্ষোভ প্রকাশ করেছেন।

এ ঘটনায় ওড়িশার শিক্ষা বিভাগ বড় ধরনের জবাবদিহিতার মুখে পড়েছে। একাধিক রিভিউ, প্রুফরিডিং ও সম্পাদকীয় স্তর পার হওয়ার পরও কীভাবে এই ভুল সবার চোখ এড়িয়ে গেল, তা নিয়ে শিক্ষাবিদেরা প্রশ্ন তুলেছেন। সচেতন মহলের মতে, এটি রাজ্যের শিক্ষার প্রতি চরম দায়িত্বহীনতা ও অবহেলার প্রকাশ।

এই ঘটনাকে কটাক্ষ করে কংগ্রেস নেত্রী বর্ষা একনাথ গায়কোয়াড় সামাজিক মাধ্যমে লিখেছেন, “এটি যেন কোনো এক ফাঁকিবাজ শিক্ষার্থীর পরীক্ষার খাতায় পড়াশোনা না করে ‘শোলে’ সিনেমার কাহিনী লিখে আসার মতো কাণ্ড।” তীব্র সমালোচনা চললেও ওড়িশার স্কুল ও গণশিক্ষা বিভাগ এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

প্রাইমটিভি/বিএম