বিশ্বকাপের মাঝেই গাজায় ফিলিস্তিনি গোলরক্ষক প্রাণ হারালেন

ছবি:সেলিম খাদের আল-আশকার (সংর্গহীত)
পুরো বিশ্ব যখন ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতে আছে, তখন গাজার ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ইসরায়েলি বাহিনীর গুলিতে দক্ষিণ গাজার খান ইউনিসভিত্তিক ক্লাব খাদামাত খান ইউনিসের গোলরক্ষক সেলিম খাদের আল-আশকার নিহত হয়েছেন।
ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন ও রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফার তথ্য অনুযায়ী, সোমবার (২৯ জুন) খান ইউনিসের উত্তর-পূর্বাঞ্চলের আল-কারারা এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ৩২ বছর বয়সী এই গোলরক্ষকের মৃত্যু হয়।
আল-আশকার তার ক্যারিয়ারে খাদামাত খান ইউনিস ছাড়াও আল-আকসা এবং আল-মুসাদ্দার স্পোর্টস ক্লাবের হয়ে খেলেছেন। স্থানীয় ফুটবল অঙ্গনে তিনি একজন পরিচিত ও জনপ্রিয় খেলোয়াড় ছিলেন।
ব্যক্তিগত জীবনেও তিনি নতুন অধ্যায় শুরু করেছিলেন। মাত্র পাঁচ মাস আগে বিয়ে করেন আল-আশকার। তার স্ত্রী বর্তমানে তাদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। সাত ভাইবোনের মধ্যে পরিবারের একমাত্র ছেলে ছিলেন তিনি। ফলে তার মৃত্যু পরিবারটির জন্য অপূরণীয় ক্ষতি হয়ে এসেছে।
ফিলিস্তিনি ক্রীড়া মহলের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় সংঘাত শুরুর পর এখন পর্যন্ত ক্রীড়া অঙ্গনের ১,০০৯ জন সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে ৫৬৭ জনই ফুটবলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








